ছেংগারচর পৌরসভায় দুই প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জরিমানা আদায় করেন।

এই দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ—পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাসিমা খানম দুই ফুটের চেয়ে বড় আকারের ব্যানার তৈরি করে সেখানে নিজের রঙিন ছবি সেঁটে দিয়েছেন। আর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান তাঁর এলাকায় একটি মাহফিলে অতিথি হয়ে দেওয়া বক্তৃতায় ৫০ হাজার টাকার সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুত দেন এবং ভোট চান।

রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাসিমা খানমকে ছয় হাজার এবং আবদুল মান্নানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে প্রার্থী নাসিমা খানমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আর অপর প্রার্থী আবদুল মান্নান বলেন, তিনি ওই মাহফিলে এমনিতেই কিছু সিমেন্ট দেওয়ার কথা বলেছেন। এই প্রতিশ্রুতির বিনিময়ে তিনি ভোট চাননি বলে দাবি করেন।