ছেলে কুপিয়ে হত্যা করল বাবাকে
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোট কালিনগর গ্রামের ওয়ারেস খান নামে এক ব্যক্তিকে গতকাল শুক্রবার কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর ছেলে দবির খান তাঁকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী আটক করে পুলিশে দেন।
গোসাইরহাট থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, ছোট কালিনগর গ্রামের কৃষক ওয়ারেস খান (৬৫)। তাঁর তিন ছেলের মধ্যে দুই ছেলে ঢাকায় থাকেন। ছোট ছেলে দবির খান (২৫) শরীয়তপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। পাঁচ বছর আগে ওয়ারেস খানের স্ত্রী মারা যান। এরপর থেকে ছোট ছেলেকে নিয়ে গ্রামে বসবাস করতেন। এক বছর যাবৎ ওই ছেলে মানসিক রোগে ভুগছেন। ওয়ারেস খান গত ডিসেম্বরে ছেলের বিয়ে দেন। বিয়ের পর কয়েক দফা স্ত্রীকে মারধর করায় তিনি বাবার বাড়ি চলে যান। স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে ওয়ারেস খানের সঙ্গে দবিরের কথা-কাটাকাটি হয়।
গতকাল সকালে ওয়ারেস খান স্থানীয় মাদ্রাসা বাজার থেকে মাছ ও সবজি কিনে বাড়ি ফিরে ছেলের জন্য দুপুরের খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির উঠানে বসে কাজ করার সময় তাঁর ছেলে দবির একটি ধারালো দা দিয়ে পেছন থেকে তাঁর ঘাড়ে ও মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাঁকে বেঁধে রেখে থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তানভির হায়দার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। জনতার হাতে আটক দবিরকে পরে থানায় নিয়ে যান।
নিহত ওয়ারেস খানের মেয়ে নাজমা বেগম বলেন, ‘ভাই বাবাকে কুপিয়ে হত্যা করেছেন—এমন খবর পেয়ে ছুটে আসি। তিনি কেন এ কাজ করেছেন বুঝতে পারছি না। এক বছর যাবৎ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় বাবা খুব উদ্বিগ্ন ছিলেন।’
স্থানীয় নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বজলুর রহমান গাজী বলেন, বৃহস্পতিবার গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ওয়ারেস খান ছেলেকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য টাকা ধার করেছিলেন। তিনি সেই সুযোগটি পেলেন না। ছেলের হাতেই তাঁকে প্রাণ হারাতে হলো।
গতকাল দুপুর ১২টার দিকে ছোট কালিনগর গ্রামে গিয়ে দেখা যায়, নিহত ওয়ারেস খানের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে। একই সঙ্গে আটক দবির খানকে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের বাড়িতে স্বজনেরা আহাজারি করছেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, নিহতের জামাতা রিপন ঢালী বাদী হয়ে দবির খানকে আসামি করে গতকাল রাতে থানায় মামলা করেছেন। আজ শনিবার আটক দবির খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
শরীয়তপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তানভির হায়দার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পারিবারিক একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। ওই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।’