ছেলে না হওয়ায় মেয়ের মুখে বিষ!
যশোরের অভয়নগর উপজেলায় তিন মাসের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শফিয়ার রহমান মোল্যা (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। শফিয়ার পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪-১৫ বছর আগে উপজেলার ধলিরগাতি গ্রামের শফিয়ারের সঙ্গে লাবিনা বেগমের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর তাঁদের ঘরে পরপর চারটি মেয়েশিশুর জন্ম হয়। তিন মাস আগে তিথিলার জন্ম হয়। ওই সময় শফিয়ার একটি ছেলেসন্তানের আশা করেছিলেন। কিন্তু মেয়ে হওয়ায় তিনি আশাহত হন।
শিশুটির মা লাবিনা বেগম জানান, তাঁর স্বামী একটা ছেলের আশা করতেন। বারবার মেয়ে হওয়ায় তিনি আশাহত হন। প্রায়ই তিনি ছোট মেয়েটিকে মেরে ফেলার কথা বলতেন।
লাবিনা বেগম বলেন, ‘রোববার সকাল আটটার দিকে সে (শফিয়ার) ধান খেতে কীটনাশক দিতে যাচ্ছিল। আমি এ সময় বাড়ির বাইরে কাজ করছিলাম। মেয়েটি ঘুমাচ্ছিল। পরে মেয়েটি কান্নাকাটি শুরু করলে তাকে নিয়ে একজন প্রতিবেশীর সঙ্গে হাসপাতালে আসি। ডাক্তার বলেন, মেয়েকে বিষ খাওয়ানো হয়েছে। পরে আমার স্বামী স্বীকার করে যে সে মেয়ের মুখে বিষ দিয়েছে।’
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিয় দাস বলেন, বাচ্চাটির শরীরের বিষক্রিয়ার লক্ষ্মণ দেখা গিয়েছিল।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার মণ্ডল বলেন, ‘খবর পেয়ে আমরা শিশুটির বাড়ি গিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখে বুঝতে পারি যে বিষক্রিয়ার কারণে শিশুটি মারা গেছে। আমরা ওই বাড়িতে গেলে শিশুটির বাবা পালিয়ে যান।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শফিয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।