ছেলে মাকে ও স্বামী খুন করল স্ত্রীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামে গতকাল রোববার ছেলের হাতে এক মা খুন হয়েছেন। গত শনিবার পরকীয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজারহাটে মাদক কেনার টাকা না দেওয়ায় রবিউল ইসলাম তার মা ছকিনা বেওয়াকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছকিনা বেওয়া রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামের মৃত আহাম্মদ আলীর স্ত্রী। রবিউল ইসলাম (২৫) ওই দম্পতির দ্বিতীয় সন্তান। নিহত ছকিনা বেওয়ার বড় ছেলে মোস্তাফিজার রহমান অভিযোগ করেন, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গত রোববার সন্ধ্যায় ছকিনা বেওয়ার কাছে নেশার টাকা দাবি করে সে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিউল কোদাল দিয়ে মাথায় কোপ মারে। এতে ঘটনাস্থলে তার মায়ের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ছুটে এলে রবিউল পালিয়ে যায়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত শনিবার রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর মোল্লাপাড়া গ্রামে রাবেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর মেয়ে লাইলী বেগম জানান, তিন বছর আগে পাশের ফাজিলপুর ইউনিয়নের রানীপুর গ্রামে তাঁর বিয়ে হয়েছে। গতকাল রোববার সকালে তাঁর মামা আবদুল জব্বার তাঁকে মুঠোফোনে মায়ের মৃত্যুর সংবাদ দিলে তিনি বাবা ফজলুর রহমানের (৪৫) বাড়িতে ছুটে আসেন। তিনি এসে বাড়ির শয়নকক্ষে বিছানায় মায়ের লাশ দেখতে পান। বাবাকে বাড়িতে পাননি। দিনাজপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক ফিরোজ খান নুন জানান, রোববার সকালে তিনি নশিপুর মোল্লাপাড়া গ্রামে গিয়ে গৃহবধূর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর গলায় কালো দাগ ও শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন পান। লাইলী বেগমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তাঁর বাবার সঙ্গে অন্য নারীর সম্পর্ক ছিল। প্রতিবাদ করার বাবা মাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। বাবার নির্যাতনের কারণেই মায়ের মৃত্যু হতে পারে। এ ঘটনায় রাবেয়া বেগমের বড় ভাই আবদুল জব্বার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ তাঁর বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।