ছেলে হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে খুন করল বাবাকে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার আসামিরা নিহতের বাবাকে অস্ত্রের মুখে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জালাল উদ্দিন (৫০)। তিনি ছেলে হত্যা মামলার বাদী ছিলেন। আগামী সপ্তাহেই ওই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে দুইটার দিকে জালাল উদ্দিনের বাড়িতে তাওলাদ, সেলিম, হানিফসহ উপজেলার মুড়াপাড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যানেলের সহসভাপতি (ভিপি) সোহেলের সন্ত্রাসী বাহিনী হানা দেয়। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জালাল উদ্দিনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাঁর স্ত্রী শিরিনা আক্তার বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে তাঁরা জালাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তারা জালাল উদ্দিনের বাঁ চোখ তুলে ফেলে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন জালাল উদ্দিনকে উদ্ধার করে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আসামিরা জামিনে বেরিয়ে এসে জালাল উদ্দিনকে আহত করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আগামী সপ্তাহে নজরুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ভিপি সোহেল ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্রের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। নজরুল ইসলাম এসবের প্রতিবাদ করলে ২০১১ সালের ৫ নভেম্বর তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নজরুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তাঁর লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় তাঁকে হুমকি দিয়ে আসছিল।