ছেলে হত্যার অভিযোগে মাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে হত্যার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, অনৈতিক সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ওই নারী তাঁর কথিত প্রেমিকের সঙ্গে মিলে ছেলেকে হত্যা করেছেন।

ডেমরা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে গত ১২ আগস্ট একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম কামরুজ্জামান (৩০)। তিনি পাথর ব্যবসায়ী। এ ব্যাপারে তাঁর বাবা আশক আলী ডেমরা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ডিবি জানিয়েছে, এই মামলায় গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নিহত কামরুজ্জামানের মা মরিয়ম বেগম (৪৪), মরিয়মের কথিত প্রেমিক আজিজুল হক (৫০) এবং তাঁর সহযোগী তোফাজ্জল হোসেন (৬৫) ও মঞ্জুরুল ইসলাম (৫২)।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর এই মামলার তদন্তভার পায় ডিবি। একপর্যায়ে ডিবি নিশ্চিত হয়, মরিয়ম বেগমের সঙ্গে আজিজুলের অনৈতিক সম্পর্কের কারণেই কামরুজ্জামান খুন হয়েছেন। এরপর বুধবার রাতে খিলগাঁও থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি নিয়ে মরিয়ম ও অন্যদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেছেন ১২ আগস্ট রাত আটটার দিকে মরিয়ম বেগম চিকিৎসার জন্য ছেলে কামরুজ্জামানকে নিয়ে খিলগাঁওয়ের একটি হাসপাতালে যান। এ সময় আজিজুল হক, তোফাজ্জল হোসেন ও মঞ্জুরুল ইসলাম একটি মাইক্রোবাসে ওই হাসপাতালের পাশে অবস্থান নেন। চিকিৎসকের চেম্বারের সামনে মাকে রেখে মুঠোফোনে কথা বলার জন্য কামরুজ্জামান হাসপাতালের নিচতলায় নামেন। ওপর তলা থেকে বিষয়টি মুঠোফোনে নিচে অপেক্ষমাণ আজিজুলকে জানান মরিয়ম। হাসপাতালের সামনে আজিজুল নিজেকে পাথর ব্যবসায়ী পরিচয় দিয়ে কামরুজ্জামানকে গাড়িতে তোলেন। কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরির পর কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সেবন করানো হয় কামরুজ্জামানকে। এরপর মাইক্রোবাসের সিটবেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে লাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। লাশ ফেলে দেওয়ার জায়গার অদূরে দাঁড়িয়ে মরিয়ম এই হত্যার জন্য আজিজুলকে টাকা দেন।