ছেলে হত্যার বিচার চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরান হত্যার বিচার চেয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা-বাবা। সংবাদ সম্মেলনে তাঁরা ছেলে হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসিফের বাবা লুৎফর রহমান, মা নাদিরা বেগম ও বোন নাজিয়া তামান্না উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৭ অক্টোবর নিখোঁজ হন আসিফ ইমরান। এ বিষয়ে ওই বছরের নভেম্বরে চারজনকে আসামি করে গুমের অভিযোগে একটি মামলা করেন লুৎফর রহমান। মামলা দায়েরের প্রায় এক বছর পর গত নভেম্বরে নারায়ণগঞ্জের অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার লিমন নামের এক তরুণের দেওয়া তথ্যের সূত্র ধরে সিআইডি জানতে পারে আসিফ ইমরান নিখোঁজ হওয়ার পরপরই বুড়িগঙ্গা নদী থেকে একটি পরিচয়বিহীন লাশ উদ্ধার করেছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। লাশটি বেওয়ারিশ হিসেবে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ওই লাশের সঙ্গে ডিএনএ মিলিয়ে চলতি মাসে নিশ্চিত হওয়া যায় যে ইমরানকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পরেও একটা আশা ছিল। কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ পেয়ে আমাদের সব আশা শেষ। আমরা এখন বিচার চাই। ওরা অনেক ক্ষমতাধর। বারবার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।’