সিলেট নগরের খুলিয়াপাড়া এলাকায় তাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাজুল ইসলামের স্ত্রী সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহানা বেগম গত মঙ্গলবার রাতে মামলাটি করেন।
মামলায় প্রায় আড়াই বছর আগে তাজুল ইসলামের ছেলে সুহান ইসলাম হত্যাকাণ্ডের আসামি গুলজার আহমদ, আবদুল আজিজসহ ১১ জনকে আসামি করা হয়েছে। সুহানকে ২০১৪ সালের ২৬ জানুয়ারি খুলিয়াপাড়ার রাস্তার মুখে একইভাবে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আগের বিরোধের জের ধরে ছেলে সুহানের পরে তাজুলকেও হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ছেলে হত্যার সব আসামিকেই এ মামলায় আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
গত শুক্রবার রাত ১১টার দিকে খুলিয়াপাড়া রাস্তার মুখে দুর্বৃত্তরা কুপিয়ে তাজুল ইসলামকে হত্যা করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে গুলজার আহমদ, দুলাল আহমদসহ চারজনকে আটক করে। তাঁদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সদস্য ছিলেন। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর স্ত্রী শাহানা বেগম জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তাঁদের ছেলে সুহান সিলেটের মদনমোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।