ছেলেই দিলেন নিখোঁজ প্রবাসীর লাশের সন্ধান
দু্ই দিন ধরে নিখোঁজ ছিলেন আবু জাহের (৫০)। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মিলছিল না। পরে ছেলেই দিলেন বাবার সন্ধান। গতকাল রোববার দিবাগত রাতে একটি খালের তিরে মাটি খুঁড়ে পাওয়া যায় আবু জাহেরের লাশ। নোয়াখালীর বেগমগঞ্জে মীর ওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবু জাহের ১৯ বছর সৌদি আরবে ছিলেন বলে তাঁর ভাইয়ের ভাষ্য। সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন। এ ঘটনায় আবু জাহেরের স্ত্রী রেহানা (৪২) ও ছেলে মো. হান্নানকে (২২) আটক করা হয়েছে। দুজন এখন থানা-হাজতে রয়েছেন। পুলিশ জানায়, হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেরের লাশ উদ্ধার করা হয়।
নিহত আবু জাহেরের বড় ভাই হুমায়ুন কবির পুলিশের অবসরপ্রাপ্ত একজন উপপরিদর্শক (এসআই)। প্রথম আলোকে দেওয়া তাঁর ভাষ্য, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আবু জাহেরের মোবাইলে ফোন এলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার সময় স্ত্রী রেহানাকে পাশের বারিহাটে যাচ্ছেন বলে জানান তিনি। রাতে জাহের বাড়ি ফিরে না আসায় পরদিন শনিবার হুমায়ুন বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হুমায়ুন কবিরের তথ্যমতে, তাঁর ভাই দীর্ঘ ১৯ বছর ধরে সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় দেড় মাস আগে দেশে ফেরেন। বিদেশে থাকা অবস্থায় দেশে পাঠানো টাকা-পয়সার হিসাব নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল। বড় ছেলে হান্নান পড়াশোনা না করে ঘুরে বেড়াতেন বলে তাঁকেও তিনি বকাঝকা করেন। একপর্যায়ে রাগ করে হান্নান বাড়ি ছেড়ে চলে যান। এসব কারণে আবু জাহেরের মৃত্যুর পেছনে স্ত্রী ও ছেলের হাত থাকতে পারে বলে তাঁর সন্দেহ।
হুমায়ুন কবির জানান, গতকাল রোববার পুলিশ এসে তাঁর ভাইয়ের স্ত্রী এবং ছেলেমেয়েদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। একপর্যায়ে হান্নান তাঁকে জানান যে তাঁর বাবা মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে হান্নানকে আবার জিজ্ঞাসাবাদ করে। তাঁর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে চার-পাঁচ শ গজ দূরে খালের কিনার থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, বিদেশ থেকে পাঠানো টাকা-পয়সার হিসাব চাইলে স্ত্রী-পুত্রের সঙ্গে প্রবাসী জাহেরের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে জাহেরকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় আগে যে জিডি করা হয়েছে, এখন তা নিয়মিত হত্যা মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ আজ সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।