ছেলেকে আনতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বাবা

প্রশিক্ষণ শেষে ছেলে বাড়ি ফিরছে। তাই ছেলেকে আনতে মাঝরাতে বাসস্ট্যান্ডে গিয়েছিলেন বাবা। এরপর ছেলেকে নিয়ে রিকশায় করে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তাঁরা। ছেলেকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে বগুড়া শহরতলির শাকপালা এলাকায় ওই ছিনতাই ও খুনের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫)। আর ছেলে আশরাফুল ইসলাম যশোর সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত। তাঁদের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।
এ ঘটনায় আশরাফুল বাদী হয়ে আজ বুধবার শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এলাকার চিহ্নিত তিন ছিনতাইকারী হালিম ওরফে বগা, রাকিব ও রবিউলকে আটক করেছে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যশোর সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছেলে আশরাফুল ইসলাম প্রশিক্ষণ শেষে গতকাল রাতে বাসে করে বগুড়ার উদ্দেশে রওনা হন। রাত তিনটার দিকে জাহাঙ্গীরাবাদ সেনানিবাস–সংলগ্ন শাকপালা বাসস্ট্যান্ডে ছেলেকে এগিয়ে নিতে আসেন শফিকুল ইসলাম। বাস থেকে নামার পর ছেলেকে নিয়ে বাসার দিকে আসার পথে মেলেনিয়াম স্কলাস্টিকা স্কুল–সংলগ্ন স্থানে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে বাবা-ছেলের পথরোধ করে। এ সময় ছেলে আশরাফুলের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় শফিকুল ইসলাম বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর কোমর ও ঊরুতে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্কলাস্টিকা স্কুলের নৈশপ্রহরীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে শফিকুল ইসলাম মারা যান।
ওসি বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে।’