ছেলেকে কুপিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক মা তাঁর ছয় বছরের ছেলে শরীফকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে মা ফরিদা বেগমকেও (২৮) এলাকাবাসী সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বেলা সাড়ে তিনটার দিকে ওই শিশুর অবস্থার অবনতি হলে মা ফরিদা বেগমসহ উভয়কেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বজনেরা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার নলুয়া গ্রামে গতকাল সকাল সাড়ে সাতটায় নিজ বাড়ির দক্ষিণ পাশে। শিশুটির বাবা রফিকুল ইসলাম (৩০) নলুয়া বাজারে মাছ কেনা-বেচার ব্যবসা করেন। সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ বছর ধরে ভালুকা থানার তামাট গ্রামের রফিকুল ফরিদাকে বিয়ে করে ঘরজামাই থাকেন। ফরিদার সঙ্গে স্বামীর বনাবনি ছিল না। কিছুদিন ধরে ফরিদা মানসিক সমস্যায় ভুগছিলেন। রফিকুল জানান, গতকাল সকালে তাঁর সঙ্গে ঝগড়া করে তাঁদের দুই যমজ সন্তান শরীফ ও আরিফকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে গিয়ে বঁটি দিয়ে শরীফকে কোপাতে থাকেন ফরিদা। এ দৃশ্য দেখে আরিফ ভয়ে পালিয়ে যায়। এক সময় ফরিদা নিজেই নিজেকে কোপাতে থাকেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রোকেয়া বেগম বলেন, শিশুটির কাঁধে, ঘাড়ে ও কানসহ গলায় ৮-১০টা মারাত্মক কোপের চিহ্ন রয়েছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে টাঙ্গাইলে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘এ বিষয়ে কেউ মামলা করেননি। তবে ঘটনাটি শুনে আমি নলুয়ায় ফরিদাদের বাড়িতে গিয়েছি। ফরিদা কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রতিবেশীরা তাঁকে জানিয়েছেন।’