ছেলেকে গরু বিক্রির টাকা না দেওয়ায়...
বিক্রি করার জন্য বহুদিন ধরে গরুটি লালন-পালন করছিলেন লাল মিয়া। প্রত্যাশা অনুযায়ী দামও পেয়েছিলেন। গতকাল শুক্রবার হাটে ৩৩ হাজার টাকায় গরুটি বিক্রি করেন। তবে গরু বিক্রির এ টাকাই কাল হয়ে দাঁড়ায় লাল মিয়ার জন্য। টাকার জন্য নিজের ছেলের হাতে খুন হতে হলো তাঁকে। আজ শনিবার সকাল আটটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চর ডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাল মিয়ার ভাই চান মিয়া বলেন, লাল মিয়ার ছেলে আজাহার আলী (২৫) দা দিয়ে কুপিয়ে তাঁর বাবাকে হত্যা করেছেন। গরু বিক্রি করে লাল মিয়া ৩৩ হাজার টাকা পেয়েছিলেন বলে তিনি জানান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, লাল মিয়া নিজের পালিত একটি গরু গতকাল বিকেলে হাটে নিয়ে বিক্রি করেন। শনিবার সকালে গরু বিক্রির ওই টাকা বাবা লাল মিয়ার কাছে চান আজাহার। লাল মিয়া টাকা দিতে অস্বীকার করায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আজাহার তাঁর বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন লাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির আরেক ছেলে বাবু বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।