ছেলেকে পুলিশে দিলেন বাবা...
আচরণে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন এক বাবা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শহরের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ওই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ছেলের নাম মো. রায়হান (১৯)। তাঁর বাড়ি চাঁদপুর জেলা শহরের পুরান বাজার এলাকায়। রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছেন। মা–বাবার কাছ থেকে প্রায়ই মাদকের জন্য জোর করে টাকা আদায় করতেন। টাকা না দিলে নানাভাবে অত্যাচার করতেন। এতে তাঁর প্রতি ক্ষুব্ধ ছিল পরিবার। গতকাল সন্ধ্যায় রায়হান তাঁর সহযোগীদের নিয়ে জেলা শহরের পুরান বাজারের বাকালি পট্টি এলাকায় মাদক সেবন ও বিক্রি করছিলেন। এ সময় ওই এলাকার লোকজন তাঁকে (রায়হান) হাতেনাতে ধরে তাঁর বাবাকে খবর দেন। বাবা সেখানে গিয়ে চাঁদপুর মডেল থানার আওতাধীন পুরান বাজারের পুলিশ ফাঁড়িতে ফোন করেন। পরে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গেলে তিনি ছেলে তাঁদের হাতে তুলে দেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।