ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর বাবা-মা। গতকাল রোববার উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম রাজদিয়া গ্রামের অটোরিকশাচালক শেখ আলী আজগরের ছেলে আল-আমীন (২৫) মাদকাসক্ত হয়ে পড়েন। আস্তে আস্তে আল-আমীন মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। আল-আমীনের স্ত্রী নাছরিন আক্তার তাঁর অত্যাচারে মেয়ে তানহাকে (৫) রেখে কয়েক মাস আগে বাপের বাড়ি চলে যান। এসব সইতে না পেরে আল-আমীনকে পুলিশের হাতে তুলে দেন বাবা-মা। থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আল-আমীনকে কারাগারে পাঠানো হয়েছে।