ছেলেকে ফেরত চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফ ইমরান নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের অভিযোগ করেছে তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, চার মাস অতিবাহিত হলেও ছেলে উদ্ধার হয়নি। গতকাল রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ ইমরানের পরিবার এ অভিযোগ করে। আসিফের বাবা লুৎফর রহমান, মা ও বড় বোন উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান বলেন, তাঁর ছেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র। পরিবারের সবাইকে রেখে লুৎফর রহমান গত বছরের ৪ সেপ্টেম্বর হজ পালনের জন্য সৌদি আরবে যান। সেখানে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, ৭ অক্টোবর আসিফ ইমরানের বন্ধু গোলাম মোস্তফা ওরফে আদর তাঁকে উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে বেড়ানোর কথা বলে তাঁদের নারায়ণগঞ্জের পাইকপাড়ার নয়াপাড়া গ্রামের বাড়ি নিয়ে যান। সেখান থেকে আসিফ ইমরান ফেরত না আসায় তাঁর মেয়ে তামান্না উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি হজ থেকে ফিরে এসে ঢাকার সিএমএম আদালতে একটি অপহরণ মামলা করেন, যা উত্তরা পশ্চিম থানায় তদন্তাধীন রয়েছে। মামলায় আসামি করা হয় গোলাম মোস্তফা, গোলাম মোহাম্মদ কালু, মো. শাকিল ও আলমগীর ইসলামকে। আসামিদের মধ্যে আলমগীর ইসলাম নারায়ণগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ ছাড়া আসামিরা সবাই নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা ও পেশাদার অপহরণকারী।