ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলেকে বাঁচাতে এসে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
নিহতের নাম মো. সাদেক হোসেন মোল্লা (৮০)। মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদেক মোল্লার ছেলে জামাল মোল্লা একই গ্রামের আইয়ুব আলী ফকিরকে সম্প্রতি ১০ হাজার টাকা ধার দেন। জামাল মোল্লা শুক্রবার দুপুরে আইয়ুব আলীর কাছে পাওনা টাকা চাইতে তাঁর বাড়ি যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে আইয়ুব আলী একদল লোক নিয়ে জামাল মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা জামাল মোল্লাকে মারপিট শুরু করলে তাঁর বাবা সাদেক হোসেন মোল্লা ঠেকাতে আসেন। এ সময় মাথায় লাঠির আঘাতে তিনি আহত হন।
গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, সাদেক মোল্লার ছেলে বাদী হয়ে আইয়ুব আলীসহ ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।