বাড়িতে এসে উঠানে ফেলে আলমগীর হোসেন (১২) নামের এক শিশুকে পেটাচ্ছিলেন গ্রামের প্রভাবশালী আবদুর রশিদ মিয়া (৩৫)। সহ্য করতে পারেননি আলমগীরের মা জাহানারা বেগম (৪০)। ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তিনি। তখন প্রভাবশালীর পিটুনিতে গুরুতর আহত হন জাহানারা। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিলে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মশামারি গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে খুন হয়েছেন অমিছা বেগম (৪৫) নামের আরেক নারী। তিনি উপজেলার বেলকা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী। তিন নারী আত্মীয় তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। রংপুরের বদরগঞ্জ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এসব ঘটনায় তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলছড়ি থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে মশামারি গ্রামে ফুটবল খেলা নিয়ে জাহানারার ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আবদুল রশিদের ছেলে মামুনের (১৫) মারামারি হয়। পরে স্থানীয় সালিস বৈঠকে বিষয়টির মীমাংসা হয়। ঘটনার সময় মামুনের বাবা ঢাকায় ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি এসে ঘটনা জানতে পারেন। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে তিনি আলমগীরদের বাড়িতে গিয়ে শিশুটিকে পেটাতে শুরু করেন। এ সময় জাহানারা ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে আবদুর রশিদ তাঁকেও পেটান। পরে এলাকাবাসী জাহানারাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
ফুলছড়ি থানার ওসি আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বড় ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে আবদুর রশিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গতকাল সকালে আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অমিছার স্বামী একাব্বর আলী মারা যান। তারপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অমিছার সঙ্গে ননদ আয়শা বেওয়ার (৬৫) বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি বাধে। পরে জা জুলেখা বেগম (৪০) ও আয়শার পুত্রবধূ মিনা বেগম (৪২) বাঁশ দিয়ে অমিছাকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে রুবি বেগমের (২৫) দায়ের করা হত্যা মামলায় ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বদরগঞ্জের দিলালপুর বিন্দিরধর গ্রামে গত বৃহস্পতিবার ভোররাতে গিয়ে দেখা যায় আট বছরের শিশু নেহাদ বাবু তার মা মোহসিনা বেগমের (২৬) লাশ আঁকড়ে ধরে কাঁদছে আর বলছে, ‘মা, ওমা তুই কোনটে? ওঠ মা।’ শিশুটির কান্নায় উপস্থিত অন্যদের চোখেও পানি। গত বৃহস্পতিবার রাতে বাড়ির পেছনের মজা পুকুর থেকে মোহসিনার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় মোহসিনার স্বামী রেজওয়ান আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের আগে বাড়ির উঠানে বসে রেজওয়ান বলেন, ‘এশার নামাজ পড়ে মোহসিনা টর্চলাইট নিয়ে শৌচাগারে যান। কিন্তু ১০-১৫ মিনিটেও ফিরে না আসায় ছেলে নেহাদকে নিয়ে খুঁজতে বের হয়ে বাড়ির পেছনে গিয়ে পুকুরে মোহসিনার লাশ পড়ে থাকতে দেখেন তিনি।
সরেজমিন দেখা যায়, রেজওয়ানের বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা। শৌচাগারের পাশে বাড়ির পেছনে যাওয়ার একটি দরজা আছে। সেখান থেকে টেনেহিঁচড়ে কিছু একটা পুকুরে নিয়ে ফেলার চিহ্ন দেখা গেল।
মোহসিনার বাবা মকছুদার রহমানের অভিযোগ, রেজওয়ানের চাচাতো ভাই বাদশাহ্ মিয়া (২৫) তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এটা নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়। কিন্তু রেজওয়ান সব সময় বাদশাহর পক্ষে ছিলেন। তাঁর অভিযোগ, রেজওয়ান ও বাদশাহ দুজনে মিলে পরিকল্পিতভাবে মোহসিনাকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করে মামলা করেছেন।