ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গত সোমবার দুই শিশুপুত্রকে বিষপান করিয়ে বাবা আত্মহত্যা করেছেন। এতে এক ছেলে বেঁচে গেলেও অপরজন মারা গেছে। গতকাল মঙ্গলবার লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মারা যাওয়া দুজন হলো মোহন শীল (৩০) ও তাঁর ছেলে মানিক শীল (৭)। তারা আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকত। তাদের বাড়ি দিনাজপুরের মহেশপুর এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বছর খানেক আগে মোহন শীল তাঁর স্ত্রী শেফালি রানী শীল ও তিন সন্তানকে নিয়ে আশুলিয়ায় আসেন। তিনি কুটুরিয়া এলাকায় সেলুনে চাকরি নেন। স্ত্রীকে পোশাক কারখানায় চাকরি দেন। সম্প্রতি তাঁদের মধ্যে কলহ হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা বলেন, মোহন প্রথমে দুধের সঙ্গে মিশিয়ে ছেলে মানিক ও রতন শীলকে (৪) বিষ পান করান। এরপর নিজে বিষপান করেন। এ সময় মেয়ে বৃষ্টি শীল (৩) বাইরে ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মোহন ও মানিককে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুধের পাত্র ও বিষের বোতল জব্দ করা হয়েছে।

শহীদুল ইসলাম মোল্লা বলেন, লাশের সুরতহাল থেকে ধারণা করা হচ্ছে বিষপানেই তারা মারা গেছে।

শেফালি রানী শীল বলেন, তিনি সোমবার সকালে কর্মস্থলে যান। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি ছেলে মানিক ও স্বামীর মৃত্যুর কথা জানতে পারেন। রতনকে চিকিৎসাধীন অবস্থায় পান। ভুল-বোঝাবুঝির কারণে স্বামীর সঙ্গে তাঁর মাঝেমধ্যে ঝগড়া হতো।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। এরপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।