ছেলেকে বেঁধে মাকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘরে ঢুকে ছেলেকে বেঁধে তার সামনেই রেজিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে রেজিয়ার হাত-পা বেঁধে ফেলা হয়। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ রেজিয়ার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। তবে ছেলে মাসুক মিয়া (১২) অক্ষত আছে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামে থাকতেন রেজিয়া। স্বামী শাহ আলম ভূঁইয়া সিলেটে একটি বেকারির দোকানে চাকরি করেন। এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ে বিবাহিত। বড় ছেলে থাকেন ঢাকায়। ছোট ছেলে মাসুককে নিয়ে মাটির তৈরি দেয়ালে টিনশেডের ঘরে থাকতেন রেজিয়া।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে ঘরে ছেলে মাসুককে নিয়ে ঘুমিয়ে পড়েন রেজিয়া। রাত দুইটার দিকে পাঁচজন যুবক মাটি খুঁড়ে দরজার নিচ দিয়ে ঘরে ঢোকেন। তাঁরা প্রথমে কাপড় দিয়ে মাসুকের হাত বেঁধে ফেলেন। এরপর তাঁরা ওড়না ও পরনের শাড়ি দিয়ে রেজিয়ার হাত-পা বেঁধে ফেলেন। পরে ছেলের সামনেই তাঁকে জবাই করা হয়। পরে ওই যুবকেরা ঘরে থাকা সুটকেস ও আসবাবপত্র
তছনছ করতে থাকেন। একপর্যায়ে ছেলে মাসুক হাতের বাঁধন খুলে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। সে দৌড়ে অদূরে তার ন ানাবাড়িতে গিয়ে চিৎকার করে তার মাকে খুন করার কথা জানায়। নানাবাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, হাত-পা বাঁধা রেজিয়ার জবাই করা লাশ মেঝেতে পড়ে আছে। পুরো মেঝে রক্তে সয়লাব। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রেজিয়ার বড় ভাই আবুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা রেজিয়ার কান থেকে সোনার দুল নিয়ে গেছে। এ ছাড়া ঘরে থাকা গরু বিক্রির ২৫ হাজার টাকাও লুট হয়েছে।
এদিকে এ ঘটনায় গতকাল সকালে নিহত রেজিয়ার আরেক ভাই আবুল খায়ের দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কসবা থানায় একটি হত্যা মামলা করেছেন। জানতে চাইলে আবুল খায়ের দুই আসামির নাম ও ঘটনার কারণ সম্পর্কে মুখ খুলতে রাজি হননি। রেজিয়ার ছেলে মাসুকের সঙ্গে কথা বলতে চাইলে পরিবারের পক্ষ থেকে বলা হয়, তদন্তের স্বার্থে পুলিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাস দুয়েক আগে কে বা কারা রেজিয়ার পালিত একটি মোরগ চুরি করেছিল। তখন রেজিয়া চুরির ঘটনায় জড়িত হিসেবে স্থানীয় কয়েকজনকে সন্দেহ করেন। তিনি তাঁদের নাম প্রতিবেশীদেরও জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই সন্দেহভাজন ব্যক্তিরা কিছুদিন আগে রেজিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন। এসআই বলেন, ওই ঘটনার জেরে এ হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই সন্দেহভাজন ব্যক্তিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।