ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে খুন
ছেলেকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক অটোরিকশাচালক। গত শনিবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন (৪৫)। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার সন্ধ্যায় নোয়াবাদ গ্রামের নিজাম উদ্দিনের চা-দোকানের পাশে কয়েকজন কিশোর ক্যারম খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সেখানে লোকমানের ছেলে মো. সোহেলও ছিল। ঝগড়ার একপর্যায়ে সোহেলকে মারধর করেন চা-দোকানদার নিজাম উদ্দিন। বাড়ি ফিরে মারধরের কথা বাবা লোকমানকে জানায় সোহেল। পরে রাত ১০টার দিকে লোকমান চায়ের দোকানে গিয়ে নিজামের কাছে তাঁর ছেলেকে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে বিষয়টি মিটমাট করে দেন।
পুলিশের দাবি, মিটমাটের পর লোকজন চলে গেলে লোকমানকে একা পেয়ে তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করেন নিজাম। এ সময় লোকমানের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান বলেন, লোকমান হোসেনের আরেক ছেলে মো. হানিফ বাবা হত্যার ঘটনায় নিজাম উদ্দিনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে নিজাম উদ্দিন পলাতক রয়েছেন।