ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা!
গাজীপুরে ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগরা বাইপাসসংলগ্ন পেয়ারাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ভোগরা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ভোগরা পেয়ারাবাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে ছয় বছরের ছেলে সাঈদী হাসান ও বাবা-মাকে নিয়ে ভাড়া থাকতেন রাশেদুল। পেশায় তিনি ভ্যানগাড়ির চালক। রাশেদুলের স্ত্রী রংপুরে গ্রামের বাড়িতে থাকেন। পারিবারিক কলহের জেরে রাশেদুল তাঁর ছেলে সাঈদী হাসানকে গলা কেটে হত্যা করেন। পরে ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে ছিলেন না।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাশেদুলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।