ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
ফরিদপুরের মধুখালীতে শিশুপুত্রকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের বাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
মা ফরিদা বেগম (২৫) ওই গ্রামের দিনমজুর আনিস শেখের স্ত্রী। নিহত শিশু রসুল শেখের বয়স আড়াই বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি কিংবা অভাবের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে নিহত ফরিদা বেগমের স্বামী আনিস শেখ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।
মামলার এজাহারে আনিস শেখ উল্লেখ করেন, পরিবারে অভাব–অনটনের কারণে অভিমানে তাঁর স্ত্রী ফরিদা বেগম শিশুপুত্রকে হত্যা করে আত্মহত্যা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল আটটার দিকে আনিস শেখ বাড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে একটি জমিতে পাট কাটতে যান। ওই সময় বাড়িতে তাঁর স্ত্রী ফরিদা বেগম ও ছেলে রসুল শেখ ছিল। সকাল সাড়ে নয়টার দিকে ফরিদার ভাশুর আলমগীর শেখ বাড়িতে এসে ফরিদা বেগম ও তাঁর শিশুপুত্রকে গলায় রশি বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আনিস শেখ জানান, তিনি সকালে বাড়িতে তাঁর স্ত্রী ও শিশু রসুলকে রেখে পাট কাটতে যান। পরে লোকমুখে খবর শুনে তিনি বাড়িতে এসে মা ও ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি গ্রামবাসীর সহায়তায় লাশ নামিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা বলেন, ‘আমরা জানতে পেরেছি, মা ছেলেকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন।’
গাজনা ইউপির সংরক্ষিত নারী সদস্য জরিনা বেগম বলেন, ফরিদার সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই পারিবারিক কলহ হতো। ফরিদা বেগমের দুই ছেলে। বড় ছেলে রাজবাড়ীতে নানা বাড়িতে থাকে।