ছেলেকে হত্যার বিচার চাইলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর বাবা মো. নূরুল হুদা। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছে তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন।
গতকাল রোববার বেলা ১১টায় নগরের পুলিশ কমপ্লেক্স বিপণিবিতানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে নূরুল হুদা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল হুদা বলেন, ‘এখন পর্যন্ত একজন খুনিও ধরা পড়ল না। আমাদের পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে নূরুল হুদা আরও বলেন, ‘সাইফুল আপনার নির্ভীক ও পরীক্ষিত সৈনিক ছিল। আপনি দেশের প্রধানমন্ত্রী, অথচ সাইফুল হত্যার বিচার পাব না; এটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাইফুল ছিল আমার পরিবারের প্রকৃত অভিভাবক। বর্তমানে আমরা অভিভাবকহীন।’
সংবাদ সম্মেলনে সাইফুলের ভাই কামরুল হাসান বলেন, ‘আমরা কোনো অপরাধের সঙ্গে লিপ্ত ছিলাম না, কেন এমন হলো।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুলের ছোট ভাই নাসিমুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, মহানগর ছাত্রলীগের সদস্য নাজমুল ইসলাম এবং এ কে এম আবদুল আজিজ।
গত ১১ এপ্রিল বিকেলে শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুলকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরের দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যান। এ ঘটনায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।