ছেলেধরা সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা হাটে ছেলেধরা সন্দেহে গতকাল মঙ্গলবার দুপুরে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জনরোষ থেকে তাঁদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পুলিশ ও কয়েকজন স্থানীয় মানুষ আহত হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বেড়া বাসস্ট্যান্ডের কাছেই সাঁথিয়ার করমজা হাটের অবস্থান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হাটের দিন উপলক্ষে গতকাল বাসস্ট্যান্ড এলাকায় প্রচণ্ড ভিড় ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ চার-পাঁচজন লোক ভিড়ের মধ্য থেকে তিনজন লোককে শার্টের কলার ধরে টানতে শুরু করেন এবং ‘ছেলেধরা’ বলে চিৎকার করতে থাকেন। বাসস্ট্যান্ড থেকে প্রায় ১০০ গজ দূরে হাটের কাঠপট্টির কাছে নেওয়ামাত্র এলাকাবাসী একত্র হয়ে ওই তিনজনকে মারধর করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে শত শত মানুষের ভিড় জমে যায়। ক্ষিপ্ত জনতা একপর্যায়ে কাঠের গুঁড়ি ও কংক্রিটের টুকরা দিয়ে ওই তিনজনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাঁচ-ছয়জন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুরুতে ওই তিনজনকে ধরে নিয়ে এসে যাঁরা ‘ছেলেধরা’ বলে প্রচার করেন, তাঁরাও এলাকায় অপরিচিত। পিটুনির সময় ওই তিনজনকে বাঁচাতে গিয়ে কয়েকজন সম্মিলিত জনরোষের মুখে উল্টো মার খেয়ে পিছু হটতে বাধ্য হয়।
করমজা গ্রামের এক যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) হাতের ব্যান্ডেজ দেখিয়ে বলেন, ‘ওই তিনজনকে ঘিরে রেখেছিল শত শত মারমুখী মানুষ। পিটুনি থেকে তাঁদের বাঁচাতে গিয়ে আমি হাতে আঘাত পেয়েছি।’
পুলিশ ও এলাকাবাসী জানান, বেড়ার মানুষ প্রায় এক সপ্তাহ ধরে ছেলেধরা আতঙ্কে ভুগছে। বেড়া পৌর এলাকার সান্ড্যালপাড়া মহল্লার আবদুল মাজেদের ছোট ছেলে আরাফাতকে (৮) গত শুক্রবার অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি জঙ্গলাকীর্ণ জায়গা থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া বেড়া আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র সারাফাত কবির গত সোমবার বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। তাকে ওই দিন বিকেলে শাহাজাদপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া গত কয়েক দিনে আরও চার-পাঁচজনকে অপহরণ করার গুজব উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। বেড়ার পাশের উপজেলা সাঁথিয়ায়ও এ ধরনের ছেলেধরা আতঙ্ক দেখা দিয়েছে।
বেড়া মডেল থানার ওসি শিকদার মোহাম্মদ মশিউর রহমান ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী মনে করা হচ্ছে এলাকাবাসী ওই তিন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে পিটুনি দেয়। এ ব্যাপারে আরও তদন্ত করা হচ্ছে। পিটুনির সূত্রপাত কাদের মাধ্যমে হয়েছিল, তা এখনো জানা যায়নি। ওই তিনজনকে রক্ষা করতে গিয়ে সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিক আহত হয়েছেন।