ছেলের অত্যাচারে বাবা-মা বাড়িছাড়া
ছেলের ভয়ে চার মাসের বেশি সময় ধরে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা। পুলিশের কাছে অভিযোগ দিয়েও এর কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের ওই দম্পতি আশ্রয় নিয়েছেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, জগন্নাথপুর গ্রামের কৃষক আকাত উদ্দিনের (৭০) সঙ্গে তাঁর বড় ছেলে মোহাম্মদ আলমের (৪০) বেশ কিছুদিন ধরে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৫ এপ্রিল বাগ্বিতণ্ডার একপর্যায়ে আলম ও তাঁর ছেলে হাফিজুর রহমান লাঠি ও লোহার রড দিয়ে আকাতকে পেটান। এ সময় তাঁরা ঘরের আসবাবও ভাঙচুর করেন। এরপর আলমের মা জাহানারা বেগম (৬০) এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁরা জোর করে আকাত, জাহানারা ও তাঁদের মেয়েকে (আলমের বোন) বাড়ি থেকে বের করে দেন।
আকাত জানান, বাড়ি থেকে বের করে দেওয়ার পর তাঁরা ওই রাতে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। পরদিন বাড়িতে উঠতে গেলে আলম তাঁর নামে বাড়ি ও জমিজমা লিখে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় আবারও তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ১৭ এপ্রিল তিনি ও তাঁর স্ত্রী থানায় ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সে সময় পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু এখনো এর কোনো সুরাহা না হওয়ায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। বাধ্য হয়ে তাঁরা ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। অনেক সময় তাঁদের খাবারও জোটে না।
সরেজমিনে গতকাল শনিবার সকালে কথা হয় জাহানারার সঙ্গে। তিনি জানান, শুধু তাঁদের দুজনকে নয়, তাঁর ছোট ছেলে জালালকেও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির সব জমিজমা আলমের নামে লিখে দেওয়ার জন্য তাঁদের এখনো হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো লোক না থাকায় আইনগত কোনো সহযোগিতা পাচ্ছেন না তাঁরা।
তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাবা-মাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়নি। তাঁরা ইচ্ছা করে বাড়িতে আসছেন না। আমার পাওনা জমিটুকু লিখে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।’
ঘটনার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী জানান, ঘটনাটি মীমাংসার জন্য এলাকায় কয়েক দফায় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আলম উপস্থিত না হওয়ায় কোনো বৈঠক হয়নি। ঘটনাটি অল্প দিনে মীমাংসা না হলে তিনি আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।