ছেলের কারণে জব্দ হলো সাংসদ পিনুর গাড়ি
জোড়া খুন মামলার আসামি বখতিয়ার আলম রনির মা সরকারদলীয় সাংসদ পিনু খানের প্রাডো গাড়িটি জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে পিনু খানের ন্যাম ভবনে বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ মামলার তদন্তের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাড়িটি তল্লাশি করে দেখা হয়েছে। এখন এটি ডিবি কার্যালয়ের মালখানায় রাখা হয়েছে।
গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে রিকশাচালক ও জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালককে হত্যা করা হয়। পুলিশ জানায়, ওই সময় বখতিয়ার কালো রঙের ওই প্রাডো গাড়ি থেকে গুলি চালিয়েছিলেন।
এ ঘটনায় ডিবি পুলিশ বখতিয়ার ও তাঁর গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে। ১ জুন বখতিয়ারকে দায়ী করে গাড়িচালক ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, তাঁরা নিউ ইস্কাটনে যানজটে আটকা পড়েন। এ সময় বখতিয়ার হঠাৎ লাইসেন্স করা পিস্তল বের করে গাড়ির জানালা দিয়ে চার-পাঁচটি এলোপাতাড়ি গুলি ছোড়েন। বখতিয়ার ডিবির জিজ্ঞাসাবাদে পিস্তল দিয়ে গুলি করে দুজনকে হত্যার কথা স্বীকার করেন। তখন তিনি নেশাগ্রস্ত ছিলেন বলেও জানান। বখতিয়ার সে সময় বলেছিলেন, প্রাডো গাড়িটি তাঁর মা পিনু খান সাংসদের কোটায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে কিনেছিলেন।
গত শনিবার চার দিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ বখতিয়ারকে আদালতে পাঠায়। ওই দিন বখতিয়ারকে ‘অসুস্থ’ উল্লেখ করে সাংসদ মায়ের জিম্মায় জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শওকত ওসমান। ১৬ জুন তাঁর জামিনের আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেকোনো খুনের ঘটনায় আসামিদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় এবং জবানবন্দি দেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়া হয়। কিন্তু বখতিয়ারের ক্ষেত্রে কোনো চাপ ছিল না। শনিবার তাঁকে আদালতে নেওয়া হলেও আসামির কাঠগড়ায় তোলা হয়নি। অসুস্থতার ভান করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
তবে তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, বখতিয়ারকে কোনো ছাড় দেওয়া হয়নি। এ মামলা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। এ ক্ষেত্রে বখতিয়ারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির দরকার হবে না। পিস্তলটি জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।