ছেলের ধারালো অস্ত্রের কোপে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার তুলসীপুর গ্রামে গতকাল সোমবার ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নরসিংদীতে নিহত নারীর নাম জমিলা খাতুন (৪৮)। একই ঘটনায় জমিলার স্বামী মতি মিয়া (৬০) আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জমিলার ছেলে শরীফ মিয়া (২৫) পালিয়ে যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শরীফ দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশে থাকাকালীন তাঁর পাঠানো টাকায় মতি মিয়া বাড়িতে ঘর নির্মাণ করেন। এরই মধ্যে মতি মিয়া স্থানীয় একটি সমবায় সমিতিতে কোষাধ্যক্ষ পদে চাকরি নেন। এক বছর আগে মতি মিয়ার বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। একপর্যায়ে পাওনা টাকার সূত্র ধরে সমিতির লোকজন মতি মিয়ার বসতবাড়ি দখলে নেন। এরপর বাড়ির কাছের একটি কলাবাগানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন তিনি। ঘরবাড়ি হারানোর কারণে বাবার প্রতি ক্ষুব্ধ ছিলেন শরীফ। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল বিকেলে মা ও বাবার সঙ্গে শরীফের ঝগড়া হয়। একপর্যায়ে শরীফ উত্তেজিত হয়ে দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মা এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় শরীফ মাকেও কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় শরীফকে আটক করা যায়নি।

এদিকে গাজীপুরে নিহত ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের শাহ্জাহান মিয়া (৩৫)। তাঁর ছোট ভাই শারফুলইসলামকে (২৭) ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

পুলিশ ও শাহ্জাহান মিয়ার পরিবার সূত্র জানায়, শাহ্জাহান ও তাঁর ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার সকালে বাড়িতে এসে শাহ্‌জাহানকে মারার হুমকি দেন শারফুল। পরে শাহ্‌জাহান ও শারফুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ্‌জাহানের মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করেন শারফুল। পরে স্বজনেরা শাহ্‌জাহানকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। দুদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে শাহ্‌জাহানের মৃত্যু হয়।

শারফুলের ভাই আবদুল মালেক বলেন, এ ঘটনা জমি নিয়ে ঘটেনি। তাঁর ছোট ভাই শারফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ওই দিন মাদক সেবনের টাকা না দেওয়ায় তিনি শাহ্‌জাহানকে ছুরিকাঘাত করেন।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় শাহ্জাহান মিয়ার স্ত্রী সুমি আক্তার মামলা করেছেন। শাহ্‌জাহানের মৃত্যুর খবর পাওয়ার পর গতকাল সকালে এলাকাবাসী শারফুলকে আটক করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।