
সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগমের কলেজপড়ুয়া ছেলে সুহান ইসলামকে (১৮) ২০১৪ সালের ২৬ জানুয়ারি দিনদুপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর দুর্বৃত্তরা একই কায়দায় কুপিয়ে হত্যা করেছে সুহানের বাবা তাজুল ইসলামকে (৪২)।
গত শনিবার রাতে নগরের শেখঘাট এলাকার খুলিয়ারপাড়ায় নিজ বাসার সামনের রাস্তায় তাজুলের চোখে চুনপানি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে দুর্বৃত্তরা চলে যায়। রাত ১১টায় তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সদস্য ছিলেন। তাঁর স্ত্রী শাহানা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক কেন্দ্রীয় সদস্য। ছেলের পর বাবা খুনের ঘটনা জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ঘটেছে বলে পরিবার অভিযোগ করেছে। সুহান হত্যার আসামিরা তাজুলকে হত্যা করেছে, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই খুলিয়ারপাড়ায় অভিযান চালিয়ে গুলজার আহমদ, তাঁর ভাই দুলাল আহমদসহ চারজনকে আটক করেছে।
পুলিশ জানায়, পেশায় ব্যবসায়ী তাজুল বন্দরবাজার এলাকার মাহজাবিন টেলিকম নামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত সাড়ে ১০টার দিকে খুলিয়ারপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন তাজুল। বাড়ির সামনের রাস্তার মুখে মাজারের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিনজন তাঁকে আক্রমণ করে। তাজুলের চোখে চুনের পানি ছিটিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাজুলের শরীরের বিভিন্ন স্থানে দায়ের সাতটি কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়। তাজুলের ভাইসহ আত্মীয়রা রাতে হাসপাতালে অবস্থানকালে অভিযোগ করেন, সুহানের হত্যাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে গুলজার ও দুলালকে আটক করে পুলিশ। গতকাল সকালে গুলজারের ছেলে সুলেমান আহমদ ও সৈয়দ আপ্তাব আলী নামক এক প্রত্যক্ষদর্শীকেও আটক করেছে থানা-পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গতকাল দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলেও পুলিশ প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে গুলজার ও দুলাল ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাজুলের ছেলে সুহান হত্যা মামলার আসামি। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সুহান ইসলাম সিলেটের মদনমোহন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ওই দিন ছোট বোনকে নগরের জিন্দাবাজার এলাকার একটি বিদ্যালয় থেকে নিয়ে রিকশা দিয়ে বাসায় ফেরার পথে কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মারা যান সুহান। সুহান ও তাজুল হত্যা ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, সুহান হত্যার জের ধরে পাল্টাপাল্টি আরও কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এসব ঘটনার পেছনে কারা এ বিষয়টি তদন্ত করে বের করতে না পারায় তাজুল হত্যার ঘটনা ঘটল।
তাজুলের বড় ভাই নুরুল ইসলাম বলেন, খুলিয়ারপাড়ায় ২০১৩ সালের দিকে প্রায় চার শতক জায়গা কিনেছিলেন তাজুল। কিন্তু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসী একটি পক্ষের সঙ্গে এ জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিরোধে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।