ছেলের পাশ থেকে বাবাকে নিয়ে গেল অস্ত্রধারীরা

‘মাইক্রোবাসের পেছনের সিটে বসে ছিলাম আমি। সামনে ছিলেন আমার বাবা রবিউল ইসলাম। তখন বেলা একটা। ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজার পার হওয়ার পরই আরেকটি মাইক্রোবাস আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সঙ্গে ছিল দুটি মোটরসাইকেল। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাস থেকে নেমে আসে চার থেকে পাঁচজন অস্ত্রধারী। তারা সামনের আসন থেকে বাবাকে নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। আমি চিৎকার করে জানতে চাই আপনারা কারা। কেউ কিছু না বলে চলে যায়। আমরা পিছু নেওয়ার চেষ্টা করি, মোটরসাইকেল দুটি আমাদের গতি থামিয়ে তাদের গাড়ি পার করে দেয়।’ বাবা অপহৃত হওয়ার ঘটনা এভাবে বর্ণনা করেন ছেলে রানা হোসেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। রানার বাবা ব্যবসায়ী রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের বাসিন্দা।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তারা কিছু জানে না। তাদের কোনো সদস্য কাউকে আটক করেনি। তবে রানা দাবি করেছেন, তাঁর বাবার নামে একটি মারামারি মামলা ছাড়া কোনো অভিযোগ নেই। তারপরও প্রতিপক্ষ কেউ প্রশাসনকে দিয়ে এ ঘটনা ঘটাতে পারে।
ওই মাইক্রোবাসে থাকা নলভাঙ্গা গ্রামের ফরহাদ হোসেন জানান, রবিউল যে মামলার আসামি, সেই মামলায় তিনিও আসামি। মঙ্গলবার সকালে তাঁরা ১৩ জন আদালতে হাজিরা দিতে একটি মাইক্রোবাসে ঝিনাইদহে যান। হাজিরা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
রানা হোসেন জানান, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়েছেন। কিন্তু তাঁর বাবার সন্ধান পাননি। তাঁকে পুলিশ না অপহরণকারীরা ধরে নিয়ে গেল, তা নিশ্চিত হতে পারছেন না।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিষয়টি কী ঘটেছে, তা তিনি খোঁজ নিয়ে দেখছেন।