ছেলের বাজি ধরার জেরে বাবা খুন
প্রতিবেশীর সঙ্গে বাজিতে হেরে মুঠোফোন বন্ধক রেখেছিল ছেলে। সেটি ফেরত চাইতে গিয়ে খুন হলেন বাবা। নিহত ব্যক্তির নাম মো. জাফর (৪৫)। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত জাফর কৃষিকাজ করতেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত জাফরের ছেলে মো. নয়ন (১৭) প্রতিবেশী নুরুল আলমের ছেলে মইনুল আলমের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ১ হাজার টাকার বাজিতে ১৬ গুটি খেলেন। বাজিতে নয়ন হেরে যান। এ সময় তাঁর হাতে থাকা একটি মুঠোফোন মইনুলের কাছে বন্ধক দেন। তখন মুঠোফোনে থাকা মেমোরি কার্ডটি ফেরত চান নয়ন। এই নিয়ে বিকেলে দুজনের হাতাহাতি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে নয়নের বাবা জাফর উত্তেজিত হয়ে মইনুলের কাছে কারণ ব্যাখ্যা চান। এ সময় মইনুল ও তাঁর সঙ্গীরা জাফরের ওপর হামলা চালান। তাঁকে লাঠি ও হকিস্টিক দিয়ে পেটানো হয়। বাম কানের নিচে গুরুতর আঘাত পান তিনি।
ওসি বলেন, আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাফরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মইনুল এবং রবিউল আলম নামের আরও একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।