ছেলের বিরুদ্ধে অভিযোগ, বাবাকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছেলের বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ এনে তাকে না পেয়ে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুতুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকার বাদশা মিয়ার ছেলে।
গিয়াস উদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, সদর উপজেলার পশ্চিম সস্তাপুর এলাকার আমির কন্ট্রাক্টরের বাড়িতে মুরগি চুরি হয়। সেই চুরির অভিযোগ এনে গিয়াস উদ্দিনের ছেলে মেহেদীকে ধরতে আসে আমিরের লোকজন। ওই সময় মেহেদীকে না পেয়ে তার বাবা গিয়াস উদ্দিনকে বাসার সামনে থেকে ধরে নিয়ে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায় তারা।
এতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গিয়াস উদ্দিনকে প্রথমে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে মামলা করেছেন।