ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ও কলেজছাত্র খুন
দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গতকাল রোববার শরিফা বেওয়া (৭০) নামের এক নারীকে তাঁর ছেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফার বড় ছেলে মো. সৈয়দ আলী থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পল্লব চন্দ্র রায় (১৭) নামের কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মো. সৈয়দ আলী বলেন, গত শনিবার বিকেলে তাঁর মা শরিফা বাড়ির অদূরে ফসলের মাঠ থেকে শরিফুলকে ছাগল আনতে বলেন। কিন্তু শরিফুল ছাগল আনতে অস্বীকার করে উল্টো মাকেই ছাগলগুলো আনতে বলেন। তুচ্ছ এই বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে ছেলের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গতকাল ভোর ছয়টার দিকে শরিফুল পরিবারের সদস্যদের অগোচরে শাবল হাতে মায়ের ঘরে ঢোকেন। বিছানায় মাকে একা পেয়ে শাবল দিয়ে নৃশংসভাবে হত্যা করে তাঁর লাশ ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন। ঘটনা দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে শরিফুলকে আটক করে পুলিশে খবর দেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মিঠাপুকুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নানকর এলাকায় বিএম স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে বাড়ি ফিরছিল পল্লব চন্দ্র। এ সময় কয়েকজন খেলোয়াড় যুবক তার পথরোধ করে কিছু টাকা দাবি করেন। সে টাকা দিতে না পারলে তাঁরা তার পকেট হাতড়াতে থাকে। এ সময় পল্লবের সঙ্গে ওই যুবকদের হাতাহাতি হয়। একপর্যায়ে যুবকেরা ওই স্থানে থাকা সুপারি গাছের ডাল দিয়ে পল্লবকে মারধর করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকেরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে পল্লব মারা যায়। পল্লব মিঠাপুকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার হাসানেরপাড়া গ্রামের মৃত কৈশল চন্দ্র রায়ের ছেলে।