ছেলের মারধরে মা আহত
পটুয়াখালীর বাউফলে গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির মারধরে তাঁর মা আহত হয়েছেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোসা. রাহেলা বেগম (৫৫)। এলাকার ছয়জন অভিযোগ করে বলেন, রাহেলা ও মো. আফছের আলী গাজীর ছেলে মাসুম বিল্লাহ (৩০) মাদকাসক্ত। টাকার জন্য তিনি তাঁর বাবা-মাকে প্রায়ই মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করেন। তাঁরা আরও বলেন, গতকাল সকাল সাতটার দিকে মাসুম তাঁর মায়ের কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে মাসুম একটি ইট দিয়ে তাঁর মায়ের পায়ে আঘাত করেন। পরে ঘরের আসবাব ভাঙচুর করেন। এতে বাধা দেওয়ায় মাসুম প্রতিবেশী আতাহার গাজী ও আবুল গাজীর ঘরে গিয়ে আসবাব ভাঙচুর করেন। পরে তাঁরা (স্থানীয় লোকজন) মাসুমকে ধরে সড়কের পাশে একটি লোহার খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
আহত রাহেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল সৌরভ বলেন, রাহেলার ডান পায়ের হাড় ভেঙে গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।