ছেলের লাঠির আঘাতে বাবা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে আজ বৃহস্পতিবার ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে। সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিয়াকত আলী (৫০)। ঘটনার পর থেকে তাঁর ছেলে একলাস আলীকে (২২) খুঁজে পাওয়া যাচ্ছে না।

সাংবাদিকদের কাছে দেওয়া স্থানীয় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুস্তম আলীর ভাষ্য, এলাকাবাসী তাঁকে জানান, সকালে ছেলের সঙ্গে বাবার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে একলাস রেগে গিয়ে হাতের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বাবা লিয়াকত মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনার পর একলাস পালিয়ে গেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। সুরতহাল শেষে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।