ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
মাদকাসক্ত ছোট ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা। বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতে টাকা চেয়ে না পেয়ে ছেলে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার মারা যান মা।
নিহত মা আলতাফুন্নেছা খাতুনের (৫৫) বাড়ি শৈলমারী গ্রামে। ছোট ছেলে আবু বকরের (২৪) লাঠির আঘাতে তিনি মারা যান।
আলতাফুন্নেছা খাতুনের বড় ছেলে আবু সাঈদের ভাষ্য, প্রায় ১৮ বছর আগে তাঁদের চার ভাই ও মাকে রেখে বাবা মারা যান। ভাইদের মধ্যে আবু বকর সবার ছোট। আবুবকরকে নিয়ে মা আলাদা থাকতেন। তাঁদের অভাব অনটনের সংসার। আবু বকর প্রায় চার-পাঁচ বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের ওপর চাপ দিতেন তিনি। নির্যাতন চালাতেন। গতকাল রাত ১১টার দিকে মায়ের কাছে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন আবু বকর। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে বাঁশের লাঠি দিয়ে তিনি মায়ের মাথায় আঘাত করেন। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাঁদের মা। পরে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আলতাফুন্নেছার মাথার আঘাত গুরুতর ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবু সাঈদ জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁদের মা মারা যান। ঘটনার পর থেকে আবু বকর পলাতক।
প্রতিবেশী স্কুলশিক্ষক মোজাফফর রহমানের ভাষ্য, মাদকের টাকার জন্য আবু বকর প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত আলতাফুন্নেছার বড় ছেলে আবু সাঈদ বাদী হয়ে মামলা করেছেন।