ছেলের শাবলের আঘাতে মা নিহত
ফরিদপুরে ছেলের শাবলের আঘাতে প্রাণ হারিয়েছেন মা আছিয়া বেগম (৬০)। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের মুরালীদহ গ্রামে।
গত মঙ্গলবার দুপুরে ছেলে রাসেল শেখ (৩৫) মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে আহত হন আছিয়া বেগম। ওই দিন রাতে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। আছিয়া বেগম মুরালীদহ গ্রামের মৃত হাশেম শেখের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তাঁর মেয়ে বিদেশে থাকেন। ছেলে রাসেল রাজমিস্ত্রির কাজ করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল ব্যবসা করার জন্য মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। মঙ্গলবার দুপুরে এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন আছিয়া বেগম। এলাকাবাসী আছিয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান আছিয়া।