ছেলের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদি হাসান
মেহেদি হাসান

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের স্কুলছাত্র মেহেদি হাসানকে (১৫) এক মাস আগে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেহেদির মা মিনারা খাতুন এ দাবি করেন।


লিখিত বক্তব্যে মিনারা খাতুন বলেন, তাঁর স্বামী মো. শাজাহান আলী দুবাইপ্রবাসী। গত ৬ মার্চ সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মেহেদি আর বাড়ি ফেরেনি। মেহেদি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। সে নিখোঁজ হওয়ার পরদিন মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে খুদে বার্তায় ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে চাইলেও ওই নম্বরটি পরবর্তী সময়ে আর খোলা পাওয়া যায়নি।

মেহেদির চাচা আবদুল মোতালেব অপহরণের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় তুষার নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তুষারের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামে। মিনারা খাতুনের অভিযোগ, তাঁদের উপস্থিতিতে তুষার পুলিশের কাছে অপহরণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেও পুলিশ মেহেদিকে উদ্ধার করতে পারছে না।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবীরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ সঠিক নয়। সন্দেহভাজন হিসেবে তুষারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদে তিনি মেহেদির খোঁজ জানাতে পারেননি। পুলিশ মেহেদিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছে।