ছেলের সামনে মাকে গলা কেটে হত্যা!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার গভীর রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ শনিবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের দাবি, শিশুপুত্রের সামনে মাকে হত্যা করা হয়।
নিহত রেজিয়া বেগম (৪০) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামের শাহআলম মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারের সদস্যদের ভাষ্য, শাহআলম মিয়া ও তার বড় ছেলে সিলেটে একটি বেকারিতে চাকরি করেন। ছোট ছেলে মাসুক মিয়াসহ (১০) রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন রেজিয়া বেগম। গভীর রাতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে মা ও ছেলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে ছেলের সামনেই রেজিয়া বেগমকে গলা কেটে হত্যা করা হয়।
রাত পৌনে তিনটার দিকে কোনো মতে মুখের বাঁধন খুলে শিশুটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন দৌড়ে আসেন। খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমানের ভাষ্য, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় রেজিয়ার বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে হত্যা মামলা করেছেন। শিশু মাসুকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।