ছেলের হাতে পিতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে গত বুধবার রাতে মদ্যপ ছেলের হাতে পিতা খুন হয়েছেন বলে জানা গেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার পিতার মরদেহ উদ্ধার ও ছেলেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চৈক্ষ্যং ইউনিয়নের অংথোয়াইসা মারমা পাড়াবাসী ক্যক্যনু মারমা (২৯) চোলাই মদ খেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। তাঁর বাবা থোয়াইহ্লা উ মারমা (৫৫) তাঁকে নিবৃত্ত করতে গেলে লোহার রড নিয়ে তেড়ে আসেন। তখন বিক্রির জন্য বাগানের গাছ কাটতে না দেওয়ার ক্ষোভের কথা জানিয়ে ক্যক্যনু তাঁর বাবার মাথায় রড দিয়ে আঘাত করেন।
চৈক্ষ্যং ইউপির অংথোয়াইসা পাড়ার এলাকার সদস্য মোহাম্মদ ফেরদৌস বলেন, ছেলের আঘাতে থোয়াইহ্লা উ মারমা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে পাড়াবাসী আলীকদম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাত একটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ক্যক্যনু কোনো কাজকর্ম করেন না এবং মদ পান করে প্রায় সময় স্ত্রীর ও বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে থাকেন বলে ইউপি সদস্য জানিয়েছেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, মৃত থোয়াইহ্লা উ মারমার মরদেহের সুরতহালে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাড়ার প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, তাঁর ছেলে ক্যক্যনু তাঁকে মাথায় আঘাত করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।