ছেলের হাতে বাবা খুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত বাবার নাম মফিজ উদ্দিন (৬০)। এ ঘটনায় ছেলে আবদুর রহিমকে (২৭) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে মফিজ উদ্দিনের সঙ্গে রহিমের কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে রহিম লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তিনি মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মফিজ উদ্দিনের স্ত্রী তাহমিনা খাতুন বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মারপিট মামলা দায়ের করেন। রাতেই আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।