ছেলের হাতে বাবা খুন
রাজধানীর তুরাগের বাউনিয়া পূর্বপাড়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হাশেম (৪৫)। বাড়ি টঙ্গীর বোট বাজারের খাইলপুরে।
নিহত ব্যক্তির ভাইয়ের ছেলে মাসুদ রানা প্রথম আলোকে বলেন, হত্যাকারী মানিক মাদকাসক্ত ছিলেন। প্রায় ছয় মাস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে থাকার পর কিছুদিন আগে সে বাড়ি ফেরে। গতকাল বৃহস্পতিবার রাতে বাবার মোটরসাইকেল নিয়ে মামার বাসায় চলে যায় মানিক। মোটরসাইকেলটি নিতে আজ সকালে আবুল হাশেম ওই বাসায় গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মানিক বাসা থেকে বের হয়ে যায়।
মাসুদ রানা বলেন, পরে আবুল হাশেম মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে মানিক পথ আগলে দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপ দেয়। গলায়ও একটি কোপ লাগে। পরে স্থানীয়রা প্রথমে উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।