ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে দিনাজপুরের পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকার মকসেদ আলী (৬০) ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছেন, ছেলে আবদুল মালেকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাবা। তবে নিহত ব্যক্তি​র মা দাবি করেছেন, মকসেদ আলীর স্ত্রীও এই হত্যাকাণ্ডে জড়িত। অন্যদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েকজন মিলেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত ব্যক্তির স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামী একটু বেপরোয়া প্রকৃতির ছিলেন। তিনি জমি বিক্রি করে জুয়া খেলতেন। আগের দিন ৩১ শতক জমি মাত্র সাড়ে ১২ লাখ টাকায় বিক্রি করেন প্রতিবেশীর কাছে। এসব নিয়ে বাবার সঙ্গে বড় ছেলে রিকশাভ্যানচালক আবদুল মালেকের (৪০) বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মালেক তাঁর বাবার মাথা, বুক ও পিঠে আঘাত করেন। এতে মারা যান মকসেদ আলী।
মকসেদ আলীর মা মাইশরি বেগম জানান, তাঁর ছেলে মকসেদ আলীকে মা-ছেলে মিলে হত্যা করেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বড় ছেলে আবদুল মালেককে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।
মকসেদ আলীর আরও দুই ছেলে রয়েছে। এর একজন ইটভাটা শ্রমিক আরশাদ। অন্যজন শারীরিক প্রতিবন্ধী এমরান। তাঁদের অভিযোগ, জমি নিয়ে বিরোধকে ঘিরেই বড় ভাই মালেক বাবাকে হত্যা করেছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কয়েকজন মিলে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। আলামত উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।