ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজ বুধবার সন্ধ্যায় ছেলের হাতে বুলবুলি বেগম (৪২) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছেন হাজেরা বেওয়া নামের আরেক নারী। তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ছেলে বেলাল হোসেন পলাতক। 

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার বাসিন্দা বেলাল হোসেন মাদকাসক্ত। প্রায়ই নেশা করে তিনি প্রতিবেশী এবং নিজ বাড়ির লোকজনকে মারধর করতেন। আজ সন্ধ্যায় বেলাল নেশা করে বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। মা বুলবুলি বেগম ও ফুফু হাজেরা বেওয়া তাঁকে শান্ত করতে গেলে তিনি উত্তেজিত হয়ে পাশে থাকা নলকূপের হাতল দিয়ে প্রথমে মা ও ফুফুকে আঘাত করেন। ছেলের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই মা মারা যান। গুরুতর আহত ফুফুকে স্থানীয় লোকজন ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই বেলাল পালিয়ে যান।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।