ছেলের হাতে মা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে মা বানেছা বেগম (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত বানেছার বাড়ি উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে। এ ঘটনায় পুলিশ তাঁর ছেলে আবু বকরকে (২৮) আটক করেছে। আজ রোববার দুপুরে গিলাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গিলাগাছা গ্রামের বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে মা বানেছা বেগমের সঙ্গে ছেলে আবু বকরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আবু বকর একটি ভারী কাঠ দিয়ে বানেছার মুখে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই আবু বকর বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এরপর শ্রীবরদী থানার পুলিশ পাশের একটি গ্রাম থেকে আবু বকরকে আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এস আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।