ছেলের হাতে মা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আবদুর রহিম (৩০) নামের এক যুবক তাঁর মাকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে আবদুর রহিম পলাতক।

আজ সোমবার দুপুরে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সাজেদা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের আবদুল জব্বার খানের স্ত্রী।

এলাকাবাসী ও সাজেদা বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেদার সঙ্গে তাঁর ছেলে আবদুর রহিম খানের পারিবারিক বিরোধ চলছিল। সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে আবদুর রহিম বাড়ির সামনের পুকুরপাড়ে তাঁর মা সাজেদা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর লাশ পুকুরে ফেলে দেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আবদুর রহিম শ্বশুরবাড়িতে থাকা তাঁর বড় বোন আমেনা বেগমকে ফোন করে এই হত্যাকাণ্ডের কথা জানিয়ে দেন। এরপর আমেনা বেগম তাঁর বাবার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান। এরপর পরিবারের লোকজন গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করেন।

আমেনা বেগম বলেন, ‘দুপুরে আমার ছোট ভাই রহিম ফোন করে জানায়, সে মাকে খুন করেছে। এরপর বাড়িতে এসে দেখি মায়ের লাশের মুখমণ্ডলের ডান দিকে কান পর্যন্ত ও ডান হাতে কোপের জখম রয়েছে।’

বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ আলী বলেন, ‘শুনেছি আবদুর রহিমের স্ত্রীর সঙ্গে শাশুড়ি সাজেদা বেগমের বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে আবদুর রহিম মাকে খুন করতে পারেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে রওনা দিয়েছে।