ছেলেরা বদলে যাচ্ছিল, বোঝেননি বাবা-মা
১৮ থেকে ২৪ বছর বয়সী পাঁচ তরুণ। তিনজন ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন। পুরোদস্তুর ঢাকার বিত্তবান পরিবারের সন্তান। অন্য দুজন বগুড়ার দরিদ্র পরিবারের মাদ্রাসা পড়ুয়া ছেলে। দিন শেষে পাঁচজনের পরিচয়, তাঁরা জঙ্গি। কুপিয়ে ও গুলি করে মানুষ হত্যা করেছেন। হোলি আর্টিজানে হামলার এক বছর পর ওই তরুণদের একঘরে হয়ে যাওয়া স্বজনদের কেউ কেউ বলছেন, ‘ছেলেরা বদলে গিয়েছিল।’ তবে তাঁরা এতটা নৃশংস হয়ে উঠলেন কীভাবে, তা এখনো তাঁদের কাছে রহস্য।
একজন অভিভাবক এই প্রতিবেদককে বলেন, ‘সত্যিই কি আমার ছেলে কুপিয়ে হত্যা করেছে মানুষকে? আমার মনে হয় ও শুধু গুলি করেছে।’ অপর একজন অভিভাবক প্রশ্ন করেছেন, ‘এমন হতে পারে না যে অন্য কেউ হত্যা করে চলে গেছে, আমার ছেলে রয়ে গিয়েছিল বা শুধু সঙ্গেই ছিল?’ কেউ কেউ হোলি আর্টিজানে নৃশংসতার কাহিনি নিয়ে আলাপ শুরুর পরপরই প্রসঙ্গ পাল্টাতে চেয়েছেন।
হোলি আর্টিজানে হামলাকারীদের একজন নিবরাস ইসলাম। ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন। ফুটবল ছিল ধ্যানজ্ঞান। কোথায় ফুটবল খেলেননি তিনি? পুরান ঢাকায় দাদাবাড়ির অলিগলি, উত্তরার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; এমনকি জঙ্গিবাদে জড়ানোর পর ঝিনাইদহে যখন আত্মগোপন করেছিলেন, তখনো ফুটবল ছিল তাঁর সঙ্গী। ‘এ লেভেল’ শেষে ২০১২ সালে নিবরাস মালয়েশিয়ার মোনাসে পড়তে গিয়েছিলেন। থাকতেন ডরমিটরিতে (ছাত্রাবাস)। নিবরাসের বাবা নজরুল ইসলাম মালয়েশিয়ায় গিয়েছিলেন ছেলেকে দেখতে। তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিউনিসিয়ার নাগরিক। নিবরাস সেখানে কয়েকজন বন্ধুকে নিয়ে নির্দিষ্ট একটি মসজিদে নামাজ পড়তে যেতেন। পোশাক-আশাকের ব্যাপারেও আর আগের মতো আগ্রহ ছিল না। হাতে সব সময় রিস্টব্যান্ড পরতেন নিবরাস, সেটাও খুলে ফেলেছিলেন। বছর দুয়েক পর নিবরাস দেশে ফিরে আসেন। তবে তিউনিসিয়ার সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হোলি আর্টিজানের আগে আসলে আইএস কী করছে না করছে তা নিয়ে খুব একটা খোঁজখবর রাখতাম না। এখন রাখি। মনে হয় তিউনিসীয় ওই ছেলেটাই সব নষ্টের গোড়া। আইএসে সবচেয়ে বেশি বিদেশি যোদ্ধা আছে তিউনিসিয়ার।’ তাঁর ধারণা মালয়েশিয়ায় নিবরাস ও তাঁর অন্য বাঙালি বন্ধুদের কেউ সুপরিকল্পিতভাবে মগজ ধোলাই করেছে। যারা নিবরাসদের বিপথগামী করেছে, তাদের প্রতিনিধিরা বাংলাদেশেও সক্রিয় ছিল। ২০১৫ সালের শেষের দিকে হঠাৎ করে দেশে ফিরে আসেন নিবরাস। কিন্তু মালয়েশিয়ার বন্ধুদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মা ও বোনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কখনোই নিবরাস তাঁর মুঠোফোন ধরতে দিতেন না। বাংলাদেশে ফিরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্দিষ্ট মসজিদে নামাজ পড়তেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা রাখতেন এবং এক দিন আগে ঈদ করতেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পূর্ব পাকিস্তানের এককালের গভর্নর মোনায়েম খানের নাতি আকিফুজ্জামান। আকিফুজ্জামান ২৬ জুলাই কল্যাণপুর অভিযানে নিহত হন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি হলেও জাগতিক লেখাপড়ার কোনো মূল্য নেই অজুহাতে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। নিবরাস বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে বলতেন। তাঁর বন্ধুদের একজন সিরিয়ায় চলে গেছেন বলেও মাকে তিনি জানিয়েছিলেন।
ইন্টারনেট, বন্ধুবান্ধব, দেশি-বিদেশি শক্তি নিবরাসকে বিপথগামী করেছে বলে তাঁর অভিভাবকেরা মনে করেন। একই ঘটনা ঘটে হোলি আর্টিজানে হামলাকারী দলটির নেতৃত্বদানকারী রোহান ইমতিয়াজের বেলায়ও। রোহানের বাবা ক্রীড়া সংগঠক ইমতিয়াজ খান বাবুল, মা স্কলাসটিকা স্কুলের শিক্ষক ছিলেন। হোলি আর্টিজানের ঘটনার পর স্কুলের চাকরি ছেড়ে দিয়েছেন রোহান ইমতিয়াজের মা। রোহান স্কলাসটিকা স্কুলে পড়তেন। অভিযানে নিহত হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। রোহানের পরিচিত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলে, আশিকুর রহমান জিলানী নামে আরেক জঙ্গি ছিলেন রোহানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আশিকুর সিরিয়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আইএসের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। রোহানের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন আশিকুর রহমান জিলানী।
হোলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ জঙ্গির একজন বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবুল হোসেনের ছেলে খায়রুল ইসলাম। শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম আহছানিয়া দারুল উলুম সেন্ট্রাল ফাজিল মাদ্রাসায় পড়তেন খায়রুল। স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য কোচিং করবেন বলে তিনি বাড়ি ছাড়েন। খায়রুলের মা পিয়ারা বেগমের দাবি, আবদুল হাকিম নামে খায়রুলের এক সহপাঠী তাঁকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে যান। এই আবদুল হাকিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পুনর্বাসিত হয়েছেন। যাঁর কারণে হোলি আর্টিজানে হামলা করে ছেলে নিহত হলেন, তাঁর বিচার না হওয়ার বিষয়টি এখনো মেনে নিতে পারেন না পিয়ারা বেগম।
তবে মীর সামেহ মোবাশ্বেরের বাবা মীর এ হায়াৎ কবীর বলেন, ‘সামেহ তার দৈনন্দিন কাজের জন্যও বাড়ির বড়দের ওপর নির্ভর করত। বাসা থেকে স্কুল, কোচিং সেন্টার ও মসজিদ—এই ছিল সামেহর গণ্ডি। সামেহর বুদ্ধিসুদ্ধিও কিছুটা কম ছিল। ওকে আস্থায় নিতে না পারলে ও কোনো কথা শুনত না। কে ওকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছে, সে সম্পর্কে আমরা এখনো জানি না। তবে যে-ই তাকে ব্যবহার করুক না কেন, সে আমাদের পরিচিত কেউ।’
প্রশ্নের জবাব চান অভিভাবকেরা
১ জুলাই হোলি আর্টিজানে হামলাকারী পাঁচ তরুণই হামলার আগে নিখোঁজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাঁদের নিখোঁজ হওয়ার খবর অভিভাবকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন। একজন জঙ্গির অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘ছেলে বাড়ি ছাড়ার পরপরই আমরা একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করি। আমাদের বলা হয়, ৩০-৪০ জন তরুণ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তারা ভয়ংকর কিছু ঘটাতে পারে। এতটুকু পর্যন্ত জানা গেলেও তাদের খুঁজে পাওয়া গেল না। অথচ হামলার পর তারা কোথায় কোথায় ছিল, সবই বের হলো।’ কমপক্ষে চারজন অভিভাবক বলেছেন, তাঁরা মনে করেন এই হামলার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতা আছে বা নিখোঁজের বিষয়টি খুব একটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি।
একজন অভিভাবক বলেন, নিবরাস ৩ ফেব্রুয়ারি বাসা ছেড়ে পালিয়ে যান। ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় নিবরাসসহ কয়েকজন তরুণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত তিনজনই পুলিশি অভিযানে পরে নিহত হন। এজাহারের তদন্ত ঠিকভাবে করলে হয়তো হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটত না বলে দাবি তাঁদের।
জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, এজাহারভুক্ত তরুণেরা দেশ ছাড়ার চেষ্টা করছে।’
আইএসের হয়ে যুদ্ধ করতে গেছেন এমন কয়েকজন তরুণকে চেনেন এমন এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন হোলি আর্টিজানে হামলাকারীরা সিরিয়ায় যেতে চেয়েছিলেন। তাঁর ধারণা, নব্য জেএমিবর কারও কারও সঙ্গে আইএসের কারও যোগাযোগ স্থাপিত হয়েছিল। তাঁরা ওই তরুণদের আস্থায় নিয়েছিলেন এই বলে যে দেশের ভেতরে বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বীদের খুন করলেও তা ‘জিহাদ’ বলে গণ্য হবে এবং আইএসের স্বীকৃতি পাওয়া যাবে।
একঘরে হয়ে আছে পরিবারগুলো
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত জঙ্গিদের অভিভাবকেরা সামাজিকভাবে একপ্রকার একঘরে হয়ে আছেন।
শফিকুল ইসলাম উজ্জ্বলের বাবা বদিউজ্জামান বলেন, তিনি তাঁর ছেলের কর্মকাণ্ডে অনুতপ্ত ও বিব্রত। কাউকে মুখ দেখাতে পারেন না।
মীর সামেহ মোবাশ্বেরের বাবা মীর এ হায়াৎ কবীর প্রথম আলোকে বলেন, ‘ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত বা অসুখ হয়ে মারা যেত, আমি সান্ত্বনা পেতাম। ছেলের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
অপর এক জঙ্গির বাবা বলেন, সরকার তাঁদের দিয়ে জঙ্গিবাদবিরোধী প্রচার চালাতে চায়, কিন্তু তিনি খুব একটা আগ্রহী নন। একদিকে সমাজ তাঁদের মেনে নিচ্ছে না, অন্যদিকে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানোর দায়ে জঙ্গিরাও তাঁদের টার্গেট করতে পারে। তাঁর অপর সন্তানেরা আছে। অন্য সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে হোলি আর্টিজানে হামলাকারী সন্তানটিকে তিনি ভুলে যেতে চান।