ছোট বোনকে বিয়ে করায় বন্ধুকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার ছোট বোনকে প্রেম করে বিয়ে করায় বন্ধুকে ছুরিকাঘাত করেছেন আরেক বন্ধু। গত শুক্রবার রাতে উপজেলার শরিফপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহত বন্ধুর নাম সোবহান মিয়া (২৮)। তিনি উপজেলার বগলা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় সোবহানের স্ত্রী জামালপুরে তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শরিফপুর ব্যাপারীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছোট বোন সাবিনা আক্তারের সঙ্গে তাঁর (সাইফুল ইসলাম) বন্ধু সোবহান মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সাইফুল বন্ধুর সঙ্গে বোনের প্রেমের বিষয়টি জানতেন না। পাঁচ মাস আগে সাবিনা ও সোবহান গোপনে বিয়ে করেন। বিষয়টি দুই পরিবারের কেউই জানত না। গত বৃহস্পতিবার রাতে সাবিনা তাঁর স্বামীর বাড়ি চলে যাওয়ায় বিয়ের বিষয়টি জানাজানি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন সাইফুল ইসলাম। তিনি তাঁর দুই চাচাতো ভাই নূরুল ইসলাম ও ফরহাদ হোসেনকে সঙ্গে নিয়ে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শরিফপুর বাজার এলাকায় গিয়ে সোবহান মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।