ছোট ভাইকে হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড
গাজীপুরে ছোট ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ড পাওয়া ব্যক্তি হলেন গাজীপুর সিটি করপোরেশনের অধীন টঙ্গীর মিরাশপাড়া এলাকার আবুল কালাম আজাদ ওরফে কালু (২৭)। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ ও তাঁর ছোট ভাই মালু মিয়া সপরিবারে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় থাকতেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মালুর স্ত্রী মোসাম্মৎ মিতু বাবার বাড়ি গাজীপুরের পুবাইলে বেড়াতে যান। পরদিন সন্ধ্যার দিকে খাবার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম বঁটি দিয়ে মালুর ঘাড়ে ও বুকে কুপিয়ে পালিয়ে যান। এরপর স্বজনেরা মালুকে ঢাকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মিতু বাদী হয়ে আবুল কালামকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন।