রাজধানীর উত্তরখানে গতকাল শনিবার ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (২৮)। এ ঘটনায় পুলিশ ছোট ভাই মো. নাদেরকে আটক করেছে।
এদিকে গতকাল বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খুন হয়েছেন পান্না আক্তার মিতু (২০) নামের এক গৃহবধূ। এ ঘটনায় পুলিশ পান্নার স্বামী আনিসুর রহমান ওরফে নান্টুকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহত আবদুল কাদের কাচপুরা বাজারসংলগ্ন কলোনিপাড়ায় থাকতেন। কাচপুরা বাজারে তাঁর চায়ের দোকান আছে। গতকাল সকাল নয়টার দিকে সকালের নাশতা খাওয়া নিয়ে তাঁর সঙ্গে ছোট ভাই নাদেরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাদের ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন কাদের। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তিনি মারা যান।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, নাদেরকে আটক করা হয়েছে। তিনি নেশাগ্রস্ত। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গৃহবধূ পান্না খুনের ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গৃহবধূ পান্না স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকায় থাকতেন। তাঁদের আলভী নামের দুই বছরের একটি কন্যাসন্তান আছে। টিউশনি করে সংসার চালাতেন পান্না। অন্যদিকে স্বামী আনিসুর কিছুই করতেন না। এসব নিয়ে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আনিসুর পান্নার মাথায় ক্রিকেটের ব্যাট দিয়ে আঘাত করেন। পান্নার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আনিসুরকে আটক করেন। এরপর আহত পান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে যাওয়া যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, আটক আনিসুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।