ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাইয়ের স্ত্রী খুন
পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রীর হাতে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী। নিহত নারীর নাম মরিয়ম খাতুন (৩০)। ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলা ইউনিয়নে জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াসের স্ত্রী। খুনের ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জাদিমুরা এলাকায় মৌলভি আবু তাহেরের বড় ছেলে মো. ইলিয়াসের স্ত্রী মরিয়ম খাতুন সেহ্রি খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। এ সময় দেবর মো. ইউনুছের স্ত্রী হাসিনা বেগম তাঁর কক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে ছুরিকাঘাত করেন। মরিয়মের চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা ছুরিসহ হাসিনা বেগমকে আটকে রাখেন। আহত মরিয়ম খাতুনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, নিহত নারীর বুকের ডান দিকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার লোকজন ছুরিসহ আটকে রাখা হাসিনা বেগমকে ধরিয়ে দেন।
নিহত গৃহবধূর স্বামী মো. ইলিয়াস বলেন, এ ঘটনায় হাসিনাকে আসামি করে হত্যা মামলা করবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেছেন, নিহত নারীর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আটক নারীর বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।